রাজধানীর কমলাপুর রেলস্টেশনে শনিবার ভোর থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষা করে ঈদে ট্রেনের অগ্রিম টিকেট সংগ্রহ করছেন ঘরমুখো মানুষ। বিক্রি হচ্ছে ১৫ জুলাইয়ের টিকেট।
এদিকে, দক্ষিণাঞ্চলের লঞ্চের ক্যাবিনের প্রায় সব আগাম টিকেট বিক্রি হয়ে গেছে— তবে স্বল্প দূরত্বের লঞ্চের টিকিট বিক্রি না হওয়ায় বিপাকে মালিকরা।
কাউন্টার থেকে টিকেট দিতে দীর্ঘ সময় নেয়া হচ্ছে বলে অভিযোগ অনেক টিকেট প্রত্যাশীর। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কমলাপুর রেলস্টেশনের ম্যানেজার।
শনিবার অনেকের ছুটির দিন হওয়ায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা যায় টিকেট প্রত্যাশীদের দীর্ঘ লাইন। সকাল ৯টা থেকে টিকেট দেয়া শুরু হলেও অনেকেই আসেন শুক্রবার রাতেই।
ট্রেনের অগ্রিম টিকেটের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন টিকেট প্রত্যাশী শত শত মানুষ। এদের মধ্যে কেউ কেউ এসেছেন শুক্রবার ইফতারের পরে। তাই দীর্ঘ প্রতীক্ষার পর টিকেট হাতে পেয়ে উল্লাস প্রকাশ করেন।
কাউন্টারগুলো থেকে দেরিতে টিকেট দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন টিকেট প্রত্যাশীরা। এ সময় সকাল ৯টার পরিবর্তে ৮টা থেকে টিকেট বিক্রির দাবিও জানান অনেকে।
এদিকে, যাত্রীদের অভিযোগ অস্বীকার করে কমলাপুর রেল স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী বলেন, সমস্যা যেমন আছে তার সমাধানও রয়েছে— বরাবরের মতো এবারো সকল সমস্যার সমাধান করা হবে।
এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদের আগাম টিকেট নিচ্ছে অনেকেই।
দক্ষিণাঞ্চলের রুটে লঞ্চের ক্যাবিনের অগাম টিকেট বিক্রি হলেও স্বল্প দূরত্বের অধিকাংশ রুটের ক্যাবিনের টিকেট এখনো অবিক্রিত রয়েছে বলে জানায় লঞ্চ কর্তৃপক্ষ।