দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে সমাজে—বিশৃঙ্খলা বন্ধ করা সম্ভব নয় যা ঘটছে তা কখনো সমাজ বা রাষ্ট্রের জন্য কাম্য হতে পারে না—জানিয়েছেন বিশিষ্টজনেরা। সোমবার রাজধানীতে শিশু রাজন হত্যাকাণ্ডের ঘটনায় সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তারা।
এসময় রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে বিচার ব্যবস্থার প্রতি সম্মান নেই বলেও খোভ প্রকাশ করেন বক্তারা।
সরকার শিশু আইন ২০১৩ অনুযায়ী সামিউল আলম রাজনের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে—এসময় ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সামাজিক মাধ্যম থেকে ভিডিও সরিয়ে ফেলার দাবি করেন তারা।
এ হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারীর বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আয়োজন করে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ নামের একটি সামাজিক সংগঠন।
এসময় সংগঠনটির প্রধান ফারাহ কবীর, এ হত্যার বিচারে যেন ধীরগতি না আসে— দ্রুত বিচারের দাবি জানান।
সুজনের সাম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, খোলাবাজারে যেভাবে পিটিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে তা কোনো সভ্য মানুষের দ্বারা সম্ভব নয়।
সরকার দেশের শিশুদের জন্য আইন প্রণয়ন করলেও তার প্রয়োগ নেই বলে মন্তব্য করে জ্যেষ্ঠ আইনজীবী শাহদীন মালিক বলেন, ২০০৩ থেকে দেশে যে বিচারহীনতার কালচার শুরু হয়েছে তা এখনো চলছে।
গত বুধবার সিলেটের কুমারগাঁওয়ে ভ্যান চুরির অভিযোগ পিটিয়ে হত্যা করা হয় সামিউল আলম রাজন নামে ১৩ বছরের একটি শিশুকে।
দোকানের খুটির সঙ্গে বেঁধে নিযার্তন করলে রাজন নিহত হয়। নির্যাতনের সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে ফেইসবুকে ছেড়ে দেয় নির্যাতনকারীরা। ওই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে। এরসঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ।