পুনর্গঠন করা হলো মন্ত্রিসভা। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। শপথের সময় বঙ্গভবনে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নুরুল ইসলাম বিএসসি পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-পূর্ণমন্ত্রী।
খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন নুরুজ্জামান আহমেদ। আর তারানা হালিম পেয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
পরে নুরুল ইসলাম বিএসসি, জঙ্গিমুক্ত দেশ গড়ার অঙ্গীকারের কথা বলেন। আর তারানা হালিম সাংবাদিকদের বলেন, দুর্নীতিমুক্ত মন্ত্রণালয় গড়াই হবে তার প্রথম চ্যালেঞ্জ।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হলেন আসাদুজ্জামান খান কামাল এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হলেন ইয়াফেস ওসমান। তাদেরও শপথ পড়ানো হয় বঙ্গভবনে।
সকালে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
এ লক্ষ্যে বিকেলে বঙ্গভবনে পৌঁছান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি, সংস্কৃতিকর্মী ও সংরক্ষিত আসনের সাংসদ তারানা হালিম এবং লালমনিরহাটের সাংসদ নুরুজ্জামান আহমেদ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পর থেকেই মন্ত্রিসভায় পরিবর্তন আসার গুঞ্জন চলছিল।
সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠক শেষে নিয়মিত ব্রিফিংয়েই মন্ত্রিপরিষদে খুব দ্রুতই রদবদলের ইঙ্গিত পাওয়া যায়। এরপর থেকে মঙ্গলবারই রদবদল হচ্ছে এ-- গুঞ্জন ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন এবং বাদপড়াদের তালিকা চূড়ান্ত করেন। এ আলোচনা পরিণতি পায় সোমবার রাতেই।
এদিকে, সকালে ৫টি কালো রঙের প্রোটন গাড়ি মন্ত্রিপরিষদ বিভাগের সামনে এনে রাখা হয়। ঝকঝকে প্রতিটি গাড়ির সামনেই সাদা কভারে ঢাকা পতাকার দণ্ড দেখা গেছে। মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য গাড়ি প্রস্তুত করে সচিবালয়ে পাঠায় পরিবহন পুল।
বর্তমান মন্ত্রিপরিষদের এটিই হবে প্রথম রদবদল। গতবছর জানুয়ারিতে প্রধানমন্ত্রী টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করেন। এর কিছুদিন পর পররাষ্ট্র ও পানিসম্পদ প্রতিমন্ত্রী নিয়োগ দেয়া হয়। এর প্রায় বছরখানেকের মাথায় মন্ত্রিসভায় নতুন মন্ত্রী যোগ হলো।
এর আগে হজ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় মন্ত্রিসভা থেকে বাদ পড়েন আবদুল লতিফ সিদ্দিকী, বহিষ্কৃত হন আওয়ামী লীগ থেকেও। কয়েকদিন আগে এলজিআরডি মন্ত্রণালয় হারান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বর্তমানে তিনি দপ্তরবিহীন মন্ত্রী।
বর্তমানে মন্ত্রিসভায় ৩০জন মন্ত্রী, ১৮ জন প্রতিমন্ত্রী, দুইজন উপমন্ত্রী এবং মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ৫ জন উপদেষ্টা রয়েছেন।