রাজধানী ছাড়ছে ঈদে ঘরমুখো মানুষ। মঙ্গলবার কমলাপুর রেলওয়ে স্টেশন ছিল ঈদে ঘরমুখো যাত্রীদের ভীড়।
সোমবার থেকেই ট্রেনে অগ্রিম টিকিট কাটা যাত্রীদের যাত্রা শুরু হয়েছে।
তবে ট্রেন ছাড়তে কিছুটা দেরি হলেও এ ধরনের সমস্যা দ্রুতই কাটিয়ে উঠতে পারবে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার।
এদিকে, বাস টার্মিনালগুলো ছিল অনেকটাই ফাঁকা। এখনও তেমন ভীড় লক্ষ্য করা যায়নি ঈদে ঘরমুখো মানুষের।
সোমবার রাতে শেষ হয়েছে টিকিট নিতে আসা যাত্রীদের দীর্ঘ লাইনের পালা। এখন শুধু অপেক্ষা কখন আসবে ট্রেন, কখন দেখা হবে প্রিয়জনের সঙ্গে। রেলস্টেশনে শুরু হয়ে গেছে ঘরমুখো মানুষের ভীড়।
সময়ের আগেই যেন ভরে উঠছে কমলাপুর রেলস্টেশন। ট্রেন এলেই যেন ঘটবে অপেক্ষার প্রহরের অবসান। যথাসময়ে আসবে ট্রেন আর যাত্রা হবে আনন্দের এমনটাই প্রত্যাশা ঈদে ঘরমুখো মানুষের।
বেশির ভাগ ক্ষেত্রে সিডিউল ঠিক থাকলেও প্রতিদিনই দুই একটি ট্রেন ছাড়তে কিছুটা দেরি হচ্ছে। তবে দ্রুতই এ সমস্যার সমাধান হবে বলে জানান স্টেশন ম্যানেজার।
১৫ থেকে ১৭ জুলাই পর্যন্ত রাখা হয়েছে স্পেশাল ট্রেনের ব্যবস্থা। এছাড়াও ঈদের দিন ভৈরব-কিশোরগঞ্জ ও কিশোরগঞ্জ-ময়মনসিংহ-এ এক জোড়া করে ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে।
এদিকে, বাস টার্মিনালগুলোতে ঈদে ঘর মুখো যাত্রীদের তেমন ভীড় নেই। তবে দু একদিনের মধ্যে ভীড় বাড়বে বলে আশা করছেন কর্তৃপক্ষ।