ব্রাজিল থেকে ৪০০ কোটি টাকার নিম্নমানের গম আমদানি বিষয়টি এখনই তদন্ত করবে না দুর্নীতি দমন কমিশন (দুদক) বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক ড. শামসুল আরেফিন।
মঙ্গলবার দুদকের মিডিয়া সেন্টারে মাসিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
অন্যদের প্রতিবেদন খতিয়ে দেখেই দুদক সিদ্ধান্ত নেবে— এ কথা উল্লেখ করে ড. শামসুল আরেফিন বলেন, সরকারি বিভিন্ন সংস্থার তদন্ত প্রতিবেদন যাচাই বাছাই এবং উচ্চ আদালতের রিট নিস্পত্তির পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এ বিষয় অনুসন্ধানে সরকার থেকে কোনো চাপ আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কারো কাছ থেকেই কোনো চাপ নেই , কমিশন স্বাধীনভাবেই কাজ করছে।
এ সময় সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকীর সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগ বিষয়ে মামলার অনুমোদন দিলেও তা এখনো করা হয়নি কেন?—তা জানতে চাইলে দুদকের পরিচালক বেলাল হোসেন বলেন, বিষয়টি নিয়ে পর্যালোচনা চলছে তবে এ বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।