বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা থেকে মিয়ানমার সেনাবাহিনীর ২ অপহৃত সদস্যকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বুধবার রাজধানীর পিলখানার সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন বিজিবির মহাপরিচালক আজিজ আহমেদ।
মহাপরিচালক বলেন, সেখানে গত ৫ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত যৌথবাহিনীর নিয়মিত অভিযান চলছিল। এ অভিযান চলাকালে ওই ২ সেনা সদস্যকে উদ্ধার করা হয়। মিয়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদেকে জিম্মি করেছিল বলে জানা যায়।
তবে তারা কোথা থেকে কবে অপহৃত হয়েছিল, কারা তাদের অপহরণ করেছিল, সে বিষয়ে কোনো তথ্য দেন নি তিনি।
গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে বিজিবির সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির গোলাগুলি হয়। এতে এক বিজিবি সদস্য গুলিবিদ্ধ হন। আবদুর রাজ্জাক নামে বিজিবির এক নায়েককে ধরে নিয়ে যায় বিজিপি।
এক সপ্তাহ পর গত ২৬ জুন নায়েক রাজ্জাককে দেশে ফিরিয়ে আনে বিজিবি।