মানবপাচার বন্ধ ও দক্ষ জনশক্তি গড়ে তোলাকে প্রাধান্য দিয়ে প্রবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন দায়িত্ব পাওয়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় মন্ত্রণালয়ে পৌঁছালে বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার পক্ষ থেকেও তাকে স্বাগত জানানো হয়।
সময় মতো অফিসে আসা আর জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার দিক-নির্দেশনা দিয়ে কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন হলেও জনশক্তি রপ্তানি খাতের খুটিনাটি বিষয়ে আগে থেকেই অবগত রয়েছেন।
প্রবাসী শ্রমিকদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে নুরুল ইসলাম বিএসসি বলেন, মানবপাচার বন্ধ এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেয়া হবে।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজ কর্মপরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, জনশক্তি রপ্তানি খাত থেকে আরো বেশি রেমিটেন্স আয়ের ওপর গুরুত্ব দেয়া হবে। সেইসঙ্গে জনশক্তি রপ্তানিতে নতুন নতুন শ্রমবাজার খুঁজে বের করা হবে।
এদিকে, ডাক ও টেলিযোগ খাতকে দুর্নীতিমুক্ত রেখে নব্বই দিনের কর্ম পরিকল্পনার মাধ্যমে কাজ করার কথা জানিয়েছেন নতুন প্রতিমন্ত্রী তারানা হালিম।
টেলিযোগাযোগ খাতকে দুর্নীতিমুক্ত করে বকেয়া রাজস্ব আদায় ও ডাক বিভাগের উন্নয়নে নানা পরিকল্পনার কথা জানানা তিনি।