আজ (শনিবার) খুশির ঈদ, পবিত্র ঈদুল ফিতর। আনন্দ-উৎসব আর সম্প্রীতির কোলাহলে মেতে থাকার দিন। পবিত্র রমজানের এক মাস সংযম সাধনার পর ঘরে ঘরে সুখ আর আনন্দের বার্তা বয়ে আনে ঈদ।
সারাদেশের মানুষ উৎসাহ উদ্দীপনায় মিলেছেন ঈদের উচ্ছ্বাসে। দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে রাজধানী জাতীয় ঈদগাহ ময়দানে। সকালে বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এখানে নামাজ আদায় করেছেন। পরে ভেদাভেদহীন কোলাকুলিতে মেতে ওঠেন সবাই। নতুন সাজ-পোশাকে উৎসবের রঙে প্রফুল্লচিত্তে ভাগাভাগি করে নেন আনন্দ।
রাষ্ট্রপতির সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্য, ঊচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদের নামাজে অংশ নেন। পুরো ময়দান ভরে যায় লাখো মুসল্লির উপস্থিতিতে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব সালাহউদ্দিন আহমদ নামাজ পরিচালনা করেন।
নামাজ শেষে খুতবায় হানাহানি ভুলে বিশ্ব মুসলিমসহ সকল মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।
মোনাজাতে দেশ ও দেশের মানুষের স্বার্থে রেষারেষি ভুলে ঐক্যবদ্ধভাবে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দোয়া করা হয়।
নামাজ শেষে মুসল্লিরা ঈদের শুভেচ্ছা বিনিময় করে একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। মুহূর্তে মধ্যে গোটা এলাকা পরিণত হয় সৌহার্দ্য আর সম্প্রীতির মিলন মেলায়।
রাজধানীতে ভোর থেকেই জাতীয় ইদগাহ ময়দান অভিমুখে নামে মানুষের ঢল। ঈদের প্রধান জামাতে অংশ নিতে তিন স্তরের কড়া নিরাপত্তার মধ্যে একদিকে মৎস্য ভবন, অন্য দিকে প্রেসক্লাব পর্যন্ত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন অনেকে। ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এক মাসের সংযম ও সিয়াম সাধনা শেষে প্রাণের সম্মিলনের এ উৎসব শুরু হয় ঈদ জামাতের মধ্যদিয়ে।