সরকারের কর্মকাণ্ড আরো গতিশীল করতে গণতান্ত্রিক ধারায় যে কোনো সময়ই মন্ত্রিসভায় রদবদল হতে পারে—এর বিরুদ্ধে সমালোচনার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন।
বছরের শুরুতে আন্দোলনের নামে বিএনপি জোটের দেশব্যাপী সহিংসতার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা ও যানবাহনের ক্ষয়ক্ষতি না হলে ঈদে আরও নির্বিঘ্নে ঘরে ফিরতে পারতো সাধারন মানুষ।
প্রথমে দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানান। এরপর একে একে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা। সবার সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে গণভবনে আসেন প্রধান বিচারপতি, বিদেশী কূটনীতিক, সরকারি ও বেসরকারি কর্মকর্তারা। আসে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সংগঠনের নেতৃবৃন্দও।
শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রী বলেন, ঈদের কেনাকাটা, বাড়ি ফেরা, যোগাযোগ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল থাকায় সাধারণ মানুষ আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পেরেছে। বছরের শুরুতে আন্দোলনের নামে সারাদেশে বিএনপি জোটের নাশকতার সমালোচনা করে বলেন, যানবাহনের ক্ষতি না হলে মানুষ আরও নিরাপদে এবং নির্বিঘ্নে ঘরে ফিরতে পারতেন।
এ সময় শিগগিরই মন্ত্রিসভা পূর্নবিন্যাস হচ্ছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাংবিধানিক উপায়ে প্রধানমন্ত্রীর এখতিয়ারে যেকোনও সময়েই মন্ত্রিসভা পরিবর্তন হতে পারে।
বিশ্বের সামনে বাংলাদেশ এখন একটি উন্নয়নের রোল মডেল উল্লেখ করে, উন্নয়নের এই ধারা যেন ভবিষ্যতে অব্যাহত থাকে সে বিষয়ে সহযোগীতা করতে দেশবাসীয়র প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।