ঈদের ছুটিতে বদলে গেছে রাজধানী ঢাকার চির-চেনা, ব্যস্ত চেহারা। নেই ভোগান্তির যানজট। ফাঁকা সড়কে অল্প সময়েই সবাই পৌঁছানো যাচ্ছে গন্তব্যে। সহজেই ঘুরে বেড়ানো যাচ্ছে পছন্দের জায়গাগুলোতে। তবে পরিবহণ কম থাকায় কিছুটা বিপাকে পড়লেও যানজট থেকে মুক্তির স্বস্তিটাই বেশি!
বানিজ্যিক এলাকা মতিঝিল। একই দৃশ্য ফার্মগেটেরও। মানুষ আর যানজটের নগরী ঢাকার এখন এ চেহারা। নেই থেমে থাকা গাড়ির সারি আর হর্ণের শব্দ। নেই কর্মব্যস্ত মানুষের কোলাহলের শব্দ, ভিড় আর হুরোহুরি করে বাসে ওঠার দৃশ্য।
বৃষ্টি যেন বাড়িয়ে দিয়েছে স্বস্তি; যানজট মুক্ত ফাঁকা রাস্তায় স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছে নগরবাসী। উপভোগ করছে বদলে যাওয়া ঢাকার নতুন রূপ।
পরিবহণ চালকরাও গাড়ি চালাচ্ছে আনন্দে। তবে যাত্রী কম থাকায় আয় রোজগার কম হচ্ছে বলে জানান তারা। আর, ঢাকার এ অবস্থায় সবচেয়ে বেশি স্বস্তিতে রয়েছে ট্রাফিক পুলিশরা। পরিবহণ নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে না তাদের।
ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে ভাগাভাগি করে নিতে রাজধানী ছেড়েছে কয়েক লাখ মানুষ। তাই কিছু দিনের জন্য হলেও কোলাহলপূর্ণ ঢাকা থাকবে কর্মব্যস্তহীন। ছুটি শেষে রাজধানীতে ফিরে আসবে কর্মব্যস্ত মানুষরা। তাদের পদচারণায় পাল্টে যাওয়া ঢাকা আবারও ফিরে পাবে তার চিরচেনা রূপ।