রাজধানীর মেরুল বাড্ডার টিনশেড বস্তিতে অগ্নিকাণ্ডে একটি আবাসিক হোটেলসহ শতাধিক ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার দুপুরে একটি বাড়ি থেকে এ আগুনের সুত্রপাত হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট।
স্থানীয়দের উদ্ধৃতি নিয়ে আমাদের সংবাদদাতা জানিয়েছেন, বেলা একটার দিকে মেরুল বাড্ডা এলাকার গণি পেট্রোল পাম্প সংলগ্ন ভাই ভাই আবাসিক হোটেলের পেছনের একটি টিনশেড বাড়ি থেকে আগুনের সুত্রপাত হয়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুন মুহূর্তেই আশ-পাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে।
বেলা দেড়টার দিকে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, ততক্ষণে ভাই ভাই আবাসিক হোটেলসহ আরও দুটি বাড়িতে আগুন লেগে যায়। আগুনে শতাধিক টিনের ঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বাড্ডা থানা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় ওয়ার্ড কমিশনার ওসমান গণির বেশ কয়েকটি ঘর ছিল ওই বস্তিতে বলেও জানান তিনি।