ঈদের ছুটি শেষে সোমবার থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে নগরবাসী। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস-ট্রেন ও লঞ্চে করে আসছেন তারা। যাত্রীদের কোলাহলে মুখর কমলাপুর রেলস্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনাল। যাত্রাপথে কোনো ভোগান্তি না হওয়ায় খুশি সবাই। এদিকে, যারা ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেননি তারা অনেকেই রাজধানী ছেড়েছেন।
প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করে আবারো কর্মব্যস্ত নাগরিক জীবনে ফিরে আসা। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী বোঝাই ট্রেন এসেছে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। ছুটি কাটিয়ে ফিরে আসা এ মানুষগুলোর মনে এখনো রয়ে গেছে ঈদের রেশ।
এদিকে, যারা ঈদের আগে বাড়ি যেতে পারেননি তাদের যাওয়ার সংখ্যাও কম নয়। এদের মধ্যে অনেকেই আবার দেশের বিভিন্ন জায়গায় বেরাতে যাচ্ছেন।
ট্রেনের মতো না হলেও রাজধানীর বাস টার্মিনালগুলোতে ফিরে আসা যাত্রীদের ভিড় ছিলো মোটামুটি। যারা ফিরছেন, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের আনন্দ তাদের চোখে-মুখে।
এছাড়াও সদরঘাট লঞ্চ টার্মিনালেও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা থেকে একের পরে এক লঞ্চ গিয়ে ভিড়ছে।