ছুটি শেষ। আবারো কর্মব্যস্ত নাগরিক জীবনে ফিরে আসা। মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাত্রী বোঝাই ট্রেন এসেছে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে। জীবিকার তাগিদ, লেখাপড়া কিংবা নানা প্রয়োজনে যারা রাজধানীতে থাকেন তাদের ফিরতেই হয়।
ঈদের আগে বিভিন্ন দিন, বিভিন্ন সময় যেভাবে সবাই ঈদ করতে বাড়ি যান তেমনিভাবে ঈদ শেষেও কয়েকদিন ধরে রাজধানীতে ফিরছে মানুষ। বৃষ্টি বিভ্রাটকে সঙ্গী করেই স্বজনদের ঈদ করতে পেরে খুশি সবাই। আর এবারের যাত্রায় ভোগান্তি কম হওয়ায় দ্বিগুণ খুশি তারা।
এদিকে, যারা ঈদের ছুটিতে বাড়ি যেতে পারেননি, তারা অনেকেই রাজধানী ছেড়েছেন।
তবে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করে আসা এ মানুষগুলোর মনে এখনো রয়ে গেছে ঈদের রেশ। আর যাত্রাপথে ঝুটঝামেলা কম হওয়ায় এবার দ্বিগুণ খুশি তারা।
ট্রেনের মতো না হলেও রাজধানীর বাস টার্মিনালগুলোতে ফিরে আসা যাত্রীদের ভিড় ছিলো কম। যারা ফিরছেন, স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন, কম ভোগান্তির যাত্রা, সব মিলিয়ে আনন্দ ছাপ তাদের চোখে-মুখে।
এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালেও দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলা থেকে একের পরে এক লঞ্চ এসে ভিড়ছে।