বেসরকারি খাতে বিনিয়োগে আরো গতি আনতে প্রাইভেটাইজেশন কমিশন ও বিনিয়োগ বোর্ডকে শিগগিরই এক করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
কমিটি এরইমধ্যে তাদের কাজ প্রায় শেষ করে এনেছে উল্লেখ করে হাসিনা আশা প্রকাশ করেন, সরকারের এ দুই প্রতিষ্ঠানকে এক করা হলে বিনিয়োগ বাড়বে। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের সারিতে নিয়ে যেতে আরো উদ্যোগী হয়ে কাজ করতে হবে কর্মকর্তাদের।
আগামী তিন বছরে উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী বলেন, বিগত সাড়ে ৬ বছরে দেশে দারিদ্র, হত দরিদ্র কমেছে, মাথাপিছু আয় বেড়েছে, ব্যবসা-বিনিয়োগ বেড়েছে। এ অবস্থার আরও উন্নত করতে প্রাইভেটাইজেশন কমিশন ও বিনিয়োগ বোর্ডকে এক করা হচ্ছে।
বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের একটি রোল মডেল উল্লেখ করে তিনি আরো বলেন, সাফল্য ও অর্জনকে কাজে লাগিয়ে আরও বড় ধরনের উন্নয়নের স্বক্ষমতা রয়েছে সরকারের।
এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তাদের দায়িত্বের গুরুত্ব উল্লেখ করে, দেশের অসহায় দরিদ্র শ্রেণীর মানুষের আশ্রয় ও কর্মসংস্থানে নেয়া প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোড় দেন শেখ হাসিনা।
এর আগে ঈদের ছুটি শেষে অফিস খোলার দ্বিতীয় দিনে সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপদে ঈদ বাজার, নির্বিঘ্নে ঘরে ফেরা ও সময় মতো কর্মস্থলে যোগ দেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তিনি।