রাজধানীর দক্ষিণ খান এলাকায় চীনের মালিকানাধীন সোয়ান গ্রুপ লিমিটেড এর মালিক টুবি হং কোনও নোটিশ এবং শ্রমিকদের বেতন না দিয়েই কারখানা বন্ধ করে দেন। এরপর থেকে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা আন্দোলন করে আসছেন।
মঙ্গলবার রাজধানীর দৈনিক বাংলা মোড়ে ঈদের বোনাস ও তিন মাসের বকেয়া বেতন এবং কারখানা খুলে দেয়ার দাবিতে বৃষ্টি উপেক্ষা করে শ্রম পরিদপ্তর ঘেরাও করেছে সোয়ান গার্মেন্টসের শ্রমিকরা।
এর পরিপ্রেক্ষিতে শ্রমিকদের দাবি পূরণের জন্য আগামী ২৩ জুলাই বিকেল ৩টায় বৈঠকে বসার কথা জানিয়েছেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক।
দাবি আদায় না হওয়া পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।
এদিকে, লোকসান দেখিয়ে বিনা নোটিশে গত এপ্রিলে কারখানা বন্ধ করে দেয়ার পর থেকে কখনও বিজিএমইএ, কখনও শ্রম মন্ত্রণালয়, এমনকি প্রধানমন্ত্রীর স্মরণাপন্নও হয়েছেন তারা।
৮ জুলাই শ্রম মন্ত্রণালয় ৯ সদস্যের একটি তদন্ত দল গঠন করে বকেয়া বেতন ভাতা পরিশোধের নিদের্শ দেয়। তবে দলটি কোন কার্যকর পদক্ষেপ না নেয়ায় এ কর্মসূচি দিয়েছে শ্রমিকরা। পরে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শকের সঙ্গে বৈঠক করেন শ্রমিকনেতারা।
বৈঠক শেষে আশ্বাস মেলে আগামী ২৩ জুলাই শ্রমিকদের দাবি পূরণে বসবেন শ্রম মন্ত্রণালয়ের ৯ সদস্যের প্রতিনিধি দলটি।