দুর্ঘটনা এড়াতে মহাসড়কে সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত যান চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জাতীয় মহাসড়কে সিএনজি চলতে পারবে না—আজ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।
নতুন উপসর্গ মহাসড়কে সিএনজি (অটোরিকশা), অতীতে এতো সিএনজি অটোরিকশা ছিল না, এ সকল অটোরিকশা দুর্ঘটনা ঘটাচ্ছে বলেও জানান তিনি।
মহাসড়কে বড় যানবাহণের চাপায় অটোরিকশা আরোহীদের হতাহতের ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মন্ত্রী।
এর আগে, আশুলিয়ার ডেনজার পয়েন্টে ঝুঁকি কমাতে আগামী বছর বিদেশি অর্থায়নে এয়ারপোর্ট থেকে বাইপাইল পর্যন্ত ২২ কিলোমিটার রাস্তা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, আগামী সেপ্টেম্বরে জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৭০ কিলোমিটার রাস্তা চারলেনে উন্নীত করা হবে। দুর্ঘটনা এড়াতে মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত যান চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পর্যায়ক্রমে সকল মহাসড়ক চারলেনে উন্নীত করা হবে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, প্রাণহানির ঘটনা খুবই দুঃখজনক তবে অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদ যাত্রা স্বস্তির ছিল।
এছাড়া আসন্ন কোরবানির ঈদে ঢাকার প্রবেশ ও বর্হিরমুখে গরুর হাট যেন না বসে সে বিষয়ে সিটি করপোরেশনের প্রতি অনুরোধ জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।