ছাত্রলীগই পারবে বাংলাদেশকে বদলাতে আর দেশকে বদলাতে হলে ছাত্রলীগের নেতাকর্মীদেরও তাদের আচার-আচরণ পরিবর্তন করতে হবে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ২৮তম সম্মেলনে এ কথা বলেন আওয়ামী লীগের নেতারা।
নেতারা বলেন, আগামীতে দেশের যেকোনো নির্বাচন, আন্দোলনে ছাত্রলীগই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ছাত্রলীগকে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে দেশ গড়তে ভূমিকা রাখতে হবে।
ছাত্রলীগের সম্মেলনে নিজ নিজ বক্তব্যে ছাত্রলীগকে উৎসাহ দেয়ার পাশাপাশি দিকনির্দেশনাও দেন আওয়ামী লীগ নেতারা।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগকে তাদের পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।
এ জন্য বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে ছাত্রলীগের নেতাকর্মীদের আহ্বান জানান তোফায়েল আহমেদ।
বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্ররাজনীতির প্রয়োজন আছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ছাত্রলীগ মুক্তিযুদ্ধের সময় যেমন ভূমিকা রেখেছে তেমনি আগামীর বাংলাদেশ গড়তেও সবচেয়ে বড় ভূমিকা পালন করবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ছাত্রলীগের নেতাকর্মীরাই দেশের চেঞ্জমেকার হবে।
এ জন্য ছাত্রলীগকে তাদের আচরণে পরিবর্তন আনার আহবান জানান ওবায়দুল কাদের।
এছাড়াও সম্মেলনে ছাত্রলীগের বিদায়ী সভাপতি বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ছাত্রলীগ নিয়ে বিভিন্ন সময় বিভিন্নজন সমালোচনা করায় খেদ প্রকাশ করে বলেন, ছাত্রলীগ একটি ঐক্যবদ্ধ পরিবার।