উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ৯ আগস্ট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হবে। পরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত জানানো হবে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।
গত ১ এপ্রিল শুরু হয়ে ১১ জুন এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়। ৮টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার পৌনে ১১ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
গত এসএসসি পরীক্ষা বিএনপি-জামাত জোটের হরতাল-অবরোধের মধ্যে পড়ে ১৬ দিনে মোট ৩৬৮টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়। হরতালের কারণে ব্যবহারিক পরীক্ষা পিছিয়ে ২৯ মার্চ থেকে ২ এপ্রিলের মধ্যে শেষ করা হয়।