নির্দিষ্ট অঞ্চলের বাইরে জাহাজ শিল্প গড়লে সর্বোচ্চ ৩০ লাখ টাকা জরিমানা ও ১ বছরের কারাদণ্ডের বিধান রেখে বাংলাদেশ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ আইন-২০১৫ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ কথা বলেন।
মোশাররাফ হোসাইন বলেন, আইন অনুযায়ী জাহাজ পুনঃ প্রক্রিয়াজাতকরণে একটি নির্দিষ্ট শিল্পাঞ্চল ও বোর্ড গঠনের কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, ইয়ার্ড ও সামুদ্রিক পরিবেশ রক্ষা এবং বর্জ্য ব্যবস্থাপনার নিশ্চিতের বিষয় রয়েছে। এ সব বিধি নিষেধ অমান্য করলে শাস্তি ও জরিমানার বিধান রাখা হয়েছে।
বৈঠকে গত ৩ মাসে নেয়া সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের প্রতিবেদন প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এর পরিপ্রেক্ষিতে এখন থেকে উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কর্মকর্তাদের সঙ্গে মন্ত্রিদেরও সম্পৃক্ততার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।
একইসঙ্গে শাস্তির মেয়াদ বাড়িয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম আইনের সংশোধনী খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
মোশাররাফ হোসাইন বলেন, এ আইনটি ১৯৩৪ সালের, ১৯৮৬ সালে আইনটি সংশোধন করা হয়। তবে বর্তমানে আইনটি সংশোধনে বাধ্যবাধকতা রয়েছে। এটি বাংলায় করে কিছু সংশোধন এনে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়।
এর আগে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।
গত ০২ মার্চ মন্ত্রিসভা আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল।