মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ট্রাইব্যুনালের দেয়া ফাঁসির আদেশ আপিল বিভাগ বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। দ্রুত এ যুদ্ধপরাধীর ফাসিঁর রায় কার্যকরের দাবি জানান মঞ্চের কর্মীরা।
রায়ের পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, এ রায়ে জনগণের প্রত্যাশা প্রতিফলিত হয়েছে। আপিল বিভাগ এ রায়ের মধ্য দিয়ে একজন দাম্ভিক রাজাকারের শাস্তি নিশ্চিত করেছে। সরকারের উচিত হবে দ্রুত রায় কার্যকর করা।
সকাল থেকেই শাহবাগের প্রজন্ম চত্বরে জড়ো হতে থাকেন গণজাগরণ মঞ্চের সংগঠককর্মী ও সাধারণ জনতা। সোয়া ৯টার দিকে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড আপিল বিভাগে বহাল থাকার খবর
পৌছলে বাধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়ে মঞ্চের কর্মী ও জনতা।
এ সময় জাতীয় পতাকা প্রদর্শনের মধ্যে দিয়ে এ রায়কে স্বাগত জানান তারা।
পরে মঞ্চের কর্মীরা একটি আনন্দ মিছিল বের করতে চাইলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় তা স্থগিত করা হয়।