ভেজালবিরোধী অভিযানে আরো কঠোর হতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিভাগীয় কর্মকর্তাদের বৈঠকে এসব নির্দেশনা দেন মন্ত্রীরা। বৈঠকে মন্ত্রীরা সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের নির্দেশনা দেন।
বাণিজ্যমন্ত্রী তার বৈঠকে প্রতিটি জেলায় একটি করে পণ্য চিহ্নিত করে তা পরিচর্যা করে কিভাবে রপ্তানি করা যায় সে ব্যবস্থা নেয়ার তাগিদ দেন। একই সঙ্গে পণ্য ভেজাল রোধে ভ্রাম্যমাণ আদালতকে আরও গতিশীল করার কথাও বলেন তিনি।
আর ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত রেখে জনগণের হয়ে কাজ করার দিক নির্দেশনা দিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। বৈঠকে জলমহল, বালুমহল, ভূমি সংক্রান্ত আইন সংশোধন করে মানুষের ভোগান্তি কমাতে ব্যবস্থা নেয়ার দাবি জানান জেলা প্রশাসকরা।
এসবের সমাধান প্রক্রিয়াধীন— উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, ভূমি অফিসগুলোকে দুর্নীতিমুক্ত রাখতে হবে।
এছাড়া প্রত্যন্ত অঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে জেলা প্রশাসকদের দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু আগামী ৩ বছরের মধ্যে দেশের ৮০% মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার কথা জানান।
আর প্রতিটি জেলায় খাদ্য গুদাম নির্মাণের কথা জানালেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
এছাড়া পররাষ্ট্র, শ্রম ও কর্মসংস্থান এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ বৈঠকে সীমান্ত সমস্যা, মানবপাচার বন্ধে ব্যবস্থা নেয়ার বিষয় উঠে আসে বৈঠকে।