যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মেরেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে—যাতে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের জঘন্য কাজ না করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সহিংসতায় নিহতদের স্বজন এবং আহত ও ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকদের
অনুদানের চেক দেয় শেষে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, জনগণের প্রতিরোধের ফলে বিএনপি-জামাত জোটের দেশ ধ্বংসের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের কেউই রেহাই পাবে না।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার সব সময় ক্ষতিগ্রস্তদের পাশে আছে এবং থাকবে। ব্যক্তিস্বার্থ রক্ষার জন্য মানুষ পুড়িয়ে মারার ঘটনা এদেশে অতীতে ঘটেনি।
ভবিষ্যতে কেউ যেন এ ধরনের কাজ না করতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
এর আগে সহিংসতায় নিহতদের স্বজন এবং আহত ও ক্ষতিগ্রস্ত যানবাহনের মালিকদের অনুদান দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ২২২ জনের হাতে ৮ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার অনুদানের চেক তুলে দেন তিনি।
চার ধাপে এ পর্যন্ত ৯৯৪ জনকে ৩৩ কোটি ৪৭ লাখ ৭২ হাজার টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।
গত জানুয়ারি থেকে বিএনপি-জামাত জোটের টানা তিন মাসের সরকার বিরোধী আন্দোলনের নামে সহিংসতায় পেট্রোলবোমার আঘাতে নিহত হয় শতাধিক মানুষ। ক্ষতিগ্রস্ত হয় প্রায় হাজারখানেক যানবাহন।