টেলিযোগাযোগ সেবা জনগণের দারে পৌঁছে দেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।
তথ্য প্রযুক্তি নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরে জয় বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে তথ্য প্রযুক্তির সেবা পৌঁছে দেয়াই হচ্ছে অন্যতম লক্ষ্য। এ জন্য টেলিযোগাযোগ সেবার খরচ কমানো ও আওতা বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া প্রয়োজন।
দেশে এখন অবৈধ ভিওআইপি ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে উল্লেখ করে তিনি বলেন, এক সময়ের দুর্নীতিগ্রস্ত এ থাতেও এখন দুর্নীতি কমে এসেছে।
এ খাতে দুর্নীতি ও অবৈধ ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে উল্লেখ করে তা পুরোপুরি বন্ধ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চান প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য -প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আসেন সজীব ওয়াজেদ জয়। সকালে মন্ত্রণালয়ে পৌঁছালে প্রতিমন্ত্রী তারানা হালিম ও কর্মকর্তারা তাকে স্বাগত জানান।