পনোরো আগস্টের হত্যাকাণ্ড শুধুমাত্র একটি পরিবারের ওপর নয় বরং ১৯৭১ এর প্রতিশোধ ছিলো এর মূল উদ্দেশ্য— বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডির ৩২'এ শোকের মাস আগস্ট উপলক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা নিজের পরিবারের সেই বীভিষীকাময় ১৫ আগষ্টের স্মৃতিচারণ করে আরো বলেন, বাঙালি জাতি যাতে মাথা উচু করে দাঁড়াতে না পারে সে জন্যই বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয়, তার প্রমাণ মিলে কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার মধ্য দিয়ে।
তিনি আরো বলেন, ওই হত্যাকাণ্ড শুধু তার পরিবারের ওপরই নয় রাষ্ট্রের ওপর হামলা চালানো হয়েছিল। বাঙালি জাতি যাতে আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সে লক্ষ্যেই ওই হত্যাকাণ্ড চালানো হয়েছে।
পরিবারের সদস্যদের হারিয়ে নিজ দেশে ফেরা নিয়ে তৎকালীন সরকারের যেসব বাধার সৃষ্টি করে সেসব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সকল বাঁধা উপেক্ষা করে দেশের মানুষের পাশে দাঁড়াতেই ফিরে আসেন। আওয়ামীলীগ দীর্ঘ আন্দোলনের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় ফেরার পর দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে তার নেতৃত্বের সরকার।
বঙ্গবন্ধু কৃষক শ্রমিক মেহনতি মানুষের উন্নয়নে কাজ করে গেছেন, কৃষকদের উন্নয়নে তার সরকারও কাজ করে যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা।
এর আগে ধানমন্ডি ৩২’ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর বাড়ি সংলগ্ন সবুজ চত্বরে আয়োজিত কর্মসূচিতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধান অতিথির বক্তব্যে নিজ পরিবার পরিজন হারানো সেই বীভিষীকাময় পঁচাত্তরের ১৫ আগষ্টের স্মৃতিচারন করে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি।