মহাসড়কে থ্রি হুইলার বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসবে না সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক। রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞার বিষয়টি ঠিকমত ‘না বুঝেই’ চালকরা আন্দোলনে নেমেছেন— মন্তব্য করে ছিদ্দিক বলন, আস্তে আস্তে তা থেমে যাবে, মানুষের জীবনও রক্ষা পাবে।
সরকারি এ সিদ্ধান্তের কোনো পরিবর্তন হবে না বলেও সাংবাদিকদের জানান তিনি।
৩৫৭০ কিলোমিটার মহাসড়ক বাদে অন্য সড়কে এসব যানবাহন চলাচল করতে পারবে—উল্লেখ করে সড়ক সচিব বলেন, থ্রি-হুইলার, অটোরিকশা, অটো টেম্পুসহ সব ধরনের অযান্ত্রিক যানবাহন মহাসড়কে চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, দুর্ঘটনার তিনটির একটি কারণ হলো ব্ল্যাক স্পট, এটা আমরা প্রায় শেষ করে ফেলেছি। আগামী এক বছর পর সড়ক খারাপের জন্য আর কোন দুর্ঘটনা ঘটবে না।
গত বছর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে ইঞ্জিনচালিত তিন চাকার বাহন নছিমন, করিমন, আলমসাধু, ভটভটি না চালানোর নির্দেশ দেয় হাইকোর্ট। কিন্তু অটোরিকশা ও নছিমন চালকদের আন্দোলনের মুখে তা বাস্তবায়ন হয়নি।
এরপর দুর্ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে মহাসড়কে অটোরিকশা, টেম্পো এবং অযান্ত্রিক সব তিন চাকার বাহন নিষিদ্ধ করে গত ২৭ জুলাই প্রজ্ঞাপন জারি করে সরকার। কিন্তু শনিবার সেই সিদ্ধান্ত বাস্তবায়ন শুরুর দিন থেকেই দেশের বিভিন্ন স্থানে অটো চালকদের বিক্ষোভ-অবরোধ শুরু হয়।
নিষেধাজ্ঞা কার্যকরে শনিবার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে জরিমানা করা হলেও অধিকাংশ রাস্তায় অটোরিকশা ও টেম্পো চলে। রোববারও বিভিন্ন মহসড়কে অটোচালকদের অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়।