পিনাক- ৬ লঞ্চ দুর্ঘটনার এক বছর আজ (মঙ্গলবার)। ২০১৪ সালের এ দিনে ভয়াল পদ্মায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে ডুবে যায় লঞ্চটি। স্বজন হারানো ও নিখোঁজ পরিবারগুলোতে এখনো শোকের ছায়া। থামেনি স্বজন হারানোর কান্না। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হলেও, নিখোঁজদের পরিবার কিছুই পায়নি । উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে নিখোঁজ অনেক পরিবারেরই দিন কাটছে চরম অর্থকষ্টে।
গত বছর ঈদুল ফিতরের পর ৪ আগস্ট অতিরিক্ত যাত্রী নিয়ে মাদারীপুরের কাওরাকান্দি ঘাট থেকে ছেড়ে যায় পিনাক ৬ । মাওয়া ঘাটের কাছাকাছি পৌছালে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে যায় পিনাক- ৬।
সরকারি হিসেবে ওই ঘটনায় ৪৯ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এরমধ্যে ২১টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় আর বাকি ২৮ জনের মরদেহ শিবচর পৌর কবকরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়।
বেসরকারি হিসেবে আরো শতাধিক যাত্রী নিখোঁজ রয়েছে। ওই ঘটনায় একই পরিবারের একাধিক সদস্য এখনও নিখোঁজ। স্বজনদের না পেয়ে এসব পরিবারে শোকের ছায়া।
নিহতদের পরিবারকে তাৎক্ষণিক সরকারিভাবে ২০ হাজার টাকা ও পরে ১ লাখ ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। নিখোঁজ পরিবারগুলোকে দেয়া হয়নি কোনো আর্থিক সহায়তা।
তবে নিখোঁজ পরিবারদের আর্থিক সহায়তার কথা জানালেন নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা।
নির্বিঘ্ন ও নিরাপদ নৌপথের দাবি জানানলেন স্বজন হারানো এসব পরিবারের সদস্যরা।