দেশের আদালতগুলোতে মামলা জট কমানোসহ বিচার বিভাগকের আধুনিকায়নে এখনই পদক্ষেপ না নিলে যে কোনো সময় বিচার বিভাগ ভেঙে পড়তে পারে বলে আশংকা করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেন গুপ্ত।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে সংসদের মিডিয়া সেলে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, দেশের আদালতগুলোতে মামলা জট থাকার ফলে অপরাধীদের বিচার না হওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে।
বিচার বিভাগের আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি আরো বলেন, দেশে বর্তমানে প্রায় ৩০ লাখ মামলা বিচারধীন রয়েছে, এর বেশির ভাগই দেওয়ানি মামলা। দেশের আদলত গুলোতে ১,৬৫৫টি বিচারকের পদ থাকলেও এর মধ্যে ৪৫৭টি পদই খালি রয়েছে।
এদিকে, রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি সরকারের নেয়া পদক্ষেপের কথা তুলে ধরেন।