সাম্প্রতিক সময়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের উপর হামলা এবং তাদের ভূমি দখলের ঘটনার বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সাম্প্রতিক সময়ে সারাদেশে সংখ্যালঘুদের উপর হামলা ও তাদের জমি দখলের বিভিন্ন চিত্র তুলে ধরে এসব ঘটনার সিংহভাগ ক্ষেত্রেই ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেন রানা দাশগুপ্ত।
সংখ্যালঘুরা রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার উল্লেখ করে তিনি বলেন, সংখ্যালঘুদের বোকা ভাবা সবচেয়ে বড় ভুল হবে। অবিলম্বে সহিংসতাকারী ও উস্কানিদাতা এবং ভূমি জবরদখলকারীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া প্রয়োজন।
অবিলম্বে প্রধানমন্ত্রীকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর হওয়ার আহ্বান জানান নেতারা।