ব্লগার ও গণজাগরণ মঞ্চের কর্মী নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যার ঘটনায় অজ্ঞাত নামা ৪ জনকে আসামি করে খিলগাঁও থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী।
শুক্রবার রাতে নিলয়ের স্ত্রী আশামণি মামলাটি করেন বলে নিশ্চিত করেছেন খিলগাঁও থানার কর্তব্যরত কর্মকর্তা মো. জসীম।
নিলয় নীল নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি ব্লগে লেখালেখি করতেন নীলাদ্র চক্রবর্তী। গণজাগরণ মঞ্চ আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন।
পুলিশ জানিয়েছে, ব্লগার হত্যার ঘটনাগুলোর সঙ্গে নিলয় হত্যার সাদৃশ্য রয়েছে। দুর্বত্ত্বদের ধরতে এরইমধ্যে অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষ হওয়ার পরপরই রাজাধানীর পূর্ব গোড়ান টেম্পোস্ট্যান্ডের কাছে ৮ নম্বর রোডের ১৬৭ নম্বরের পাঁচতলা ভবনের পঞ্চম তলায় নিলয়ের ঘরে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে ৪ যুবক।
ঘরে তখন নিলয়ের স্ত্রী ও শ্যালিকাও ছিলেন। তাদের অস্ত্রের মুখে বারান্দায় আটকে রাখা হয়েছিল বলে আশা মনি জানিয়েছেন।
মাত্র তিন মিনিটের এ হত্যা মিশনে সরাসরি ৪ জন অংশ নেয়। হত্যার পর বাসা থেকে একটি ল্যাপটপ ও মোবাইল ফোন নিয়ে গেছে খুনিরা।
২৭ বছর বয়সী নিলয় যুদ্ধারাধীদের বিচারের দাবিতে শাহবাগে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন। এছাড়া আরডিসি নামের বেসরকারি একটি গবেষণা প্রতিষ্ঠানে চাকুরি করতেন।