রাজধানীর সেন্ট্রাল রোডের একটি বাসায় বিস্ফোরণে ৩ জন দগ্ধ হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে সেন্ট্রাল রোডের একটি ভবনের ৬ তলার ফ্ল্যাটে এ বিস্ফোরণ ঘটে।
আহতরা হলেন: ফজলুর রহমান (৪৫), পান্না আখতার (২৫) ও দেলওয়ার হোসেন (২৪)।
গ্যাসের পাইপলাইন ফেটে এ বিস্ফোরণ ঘটেছে— উল্লেখ করে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি ক্রাইম এক্টিভিটিজ নয় বলে মনে হচ্ছে। গ্যাস থেকে এই বিস্ফোরণ হতে পারে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল সাংবাদতিকদের বলেন, বিস্ফোরণে ফজলুর রহমানের শরীরের ২৮%, পান্নার ৯৫% ও দেলওয়ারের ৪% পুড়ে গেছে। আহতদের মধ্যে পান্নার অবস্থা আশঙ্কাজনক।
কী ধরনের বিস্ফোরণের আগুনে তারা পুড়ে গেছেন, জানতে চাইলে তিনি বলেন, এটা বোঝা যাচ্ছে না। কেউ বলছেন এসি বিস্ফোরণে। কেউ বলছেন বাসার বাসিন্দারা ঘুমিয়েছিলেন, হঠাৎ আগুন ধরে গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন দেলওয়ার বলেন, তিনি ও পান্না সম্পর্কে ফজলুর রহমানের ভাগনে ও ভাগনি। তার ঘরে থাকা এসির বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।