আইনের শাসন ভেঙে পড়ায় শিশু ও ব্লগার হত্যার মত পৈশাচিকতা ঘটছে— মন্তব্য করলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘পৈশাচিকতা বন্ধে নাগরিক দায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এ সময় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের জন্য অপেক্ষা না করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের তাগিদ দেন ড. মিজান।
পাশাপাশি এ ধরনের বর্বর ঘটনায় উদ্বেগ জানিয়ে তা প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মূল্যবোধের অবক্ষয়ে এ ধরনের পৈশাচিকতা বাড়ছে— উল্লেখ করে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানান ড. মিজান।
এছাড়া অনুষ্ঠানে শিশুহত্যা ও অন্যান্য বর্বরতাসহ সব ধরনের পৈশাচিকতা বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান ড. কাজী খলীকুজ্জামান আহমদ।
সহিংসতা ও অধিকার কেড়ে নেয়ার চর্চা বন্ধ না হলে রাষ্ট্রের ওপর অশুভ শক্তি ভর করবে বলে আশংকা প্রকাশ করেন তিনি।
সেইসঙ্গে এ ধরনের ঘটনায় যথাযথ বিচার হচ্ছে না বলেও সমালোচনা করেন ড. খলীকুজ্জামান।