বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ডাক বিভাগকে ডিজিটাল করার পাশাপাশি এর সেবারমান বাড়ানোর ঘোষণা দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম। বৃহস্পতিবার ডাক বিভাগ (জিপিও) পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
আগামী ৩০ অক্টোবরের মধ্যে পোস্ট ই সেন্টার, মানি অর্ডার সেন্টার, পোস্টাল ক্যাশ কার্ড কেন্দ্র ৭৫০টি বাড়ানোর পাশাপাশি ২ হাজার লেটার বক্স আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ বলও জানান মন্ত্রী।
এ সময় সরকারের নতুন পদক্ষেপে ডাক বিভাগ তার পুরনো জৌলুস ফিরে পেতে আধুনিকায়ন করা হবে বলে জানান জিপিও মহাপরিচালক ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন। বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পারায় ডাক বিভাগে আগ্রহ কমছে বলেও জানান তিনি।
মোবাইল ফোন, মোবাইল ব্যাংকিং আর বেসরকারি কুরিয়ার সার্ভিসের সেবার সঙ্গে পাল্লা দিতে পারছে না ডাক বিভাগ। হলুদ খাম, পোস্ট কার্ডও বিলুপ্তির পথে। বিগত চার বছরে চিঠি বিলি কমেছে ২০ লাখের মতো। বেসরকারি প্রতিষ্ঠানের সেবার সঙ্গে পাল্লা দিতে না পারায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
ডাক বিভাগে ৫ বছরে মানি অর্ডারের পরিমাণ নেমে এসেছে একপঞ্চমাংশে। ২০১১-১২ অর্থবছরে যেখানে মানিঅর্ডারের পরিমাণ ছিল ৪২৬ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার টাকা সেখানে ২০১৪-১৫ অর্থবছরে তা কমে দাঁড়ায় ৮১ কোটি ৪২ লাখ ৭৬ হাজার টাকায়। অর্থাৎ কমেছে প্রায় সাড়ে ৩০০ কোটি টাকা।
পরিসংখ্যানে দেখা গেছে ২০১১-১২ অর্থবছরে ডাকে চিঠি বিলির পরিমাণ ছিল ১ কোটি ৬৮ লাখ ৯৯ হাজার। চার বছরের ব্যবধানে ২০১৪-১৫ অর্থবছরে তা কমে দাঁড়ায় ১ কোটি ৪৯ লাখ ৫০ হাজারে।
এদিকে, ২০১০-১১ অর্থবছরে মানি অর্ডার হয় ৪২৬ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার টাকার। মোবাইল ব্যাংকিং চালু হওয়ায় ৫ বছরের ব্যবধানে ২০১৪-১৫ অর্থবছরে কমে দাঁড়ায় ৮১ কোটি ৪২ লাখ ৭৬ হাজার টাকায়।