জাতীয় শোক দিবসে শ্রদ্ধাবনত চিত্তে বাংলাদেশ স্মরণ করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। কণ্ঠে তাদের বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন ও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তিকে রুখে দাঁড়াবার দৃঢ় অঙ্গীকার।
শনিবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে এমন অঙ্গীকার ব্যক্ত করেছেন সর্বস্তরের মানুষ। সেইসঙ্গে তারা, বঙ্গবন্ধুর খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে তাদের দণ্ড কার্যকর করতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
গতবার জাতীয় শোক দিবসের সকালটা ছিল বৃষ্টিস্নাত, এবার রৌদ্রতেজী। এ তেজকে ধারণ করেই গণমানুষ ভিড় জমায় ধানমণ্ডি ৩২ নম্বরে।
উদ্দেশ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন। সাংগঠনিকভাবে, দল বেঁধে, যে যেভাবে পারছেন, নিজেদের মতো করে, শৃঙ্খলার সঙ্গে পায়ে পায়ে একসঙ্গে।
ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন। কারও কণ্ঠে বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পন্ন করা, আর কারও কণ্ঠে স্বাধীনতাবিরোধী শক্তিকে দমন করার দৃঢ় প্রত্যয়।
এ সময় দাবি জানানো হয়, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে সর্বোচ্চ শাস্তি কার্যকরের।
এদিকে, বেলা বাড়ে, ভিড় কমে, কিন্তু কমে না বঙ্গবন্ধুর প্রতি গণমানুষের শ্রদ্ধা।