বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে যেকোনো ত্যাগ স্বীকারে আমরা প্রস্তুত—উল্লেখ করে সেই স্বপ্ন পূরণে মুজিব আর্দশে সকলকে ত্যাগী কর্মী হিসেবে গড়ে উঠার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বঙ্গবন্ধুকে হত্যার পর যুদ্ধাপরাধীদের ছেড়ে দিয়ে পুরস্কৃত করেছিল জিয়াউর রহমান— তিনি কখনো চায়নি ১৫ আগস্টের হত্যার তদন্ত হোক।
শেখ হাসিনা ৪০ বছর আগের সেদিনটির কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, মরণেও বাঙালি জাতির মাথা উঁচু করে গিয়েছেন বঙ্গবন্ধু।
তিনি আরো বলেন, পচাঁত্তরের পর বাংলাদেশকে পাকিস্তানের প্রদেশ বানানোর চেষ্টায় লিপ্ত ছিলেন জিয়াউর রহমান— ৯৬ আগের সব সরকার প্রধানই বঙ্গবন্ধু খুনীদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছে।
সমুদ্রে অধিকার প্রতিষ্ঠা, ভারতের সঙ্গে সীমান্ত সমস্যার সমাধান বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই এদেশের মানুষ কিছু অর্জন করে।
স্মরণ সভায় দলের সিনিয়র নেতারা দেশের সাম্প্রতিক রাজনীতি প্রশ্ন তোলেন, যারা সংবিধান সংশোধনের কথা বলছেন যখন সামরিক আইনে দেশ চলত, তখন তারা কোথায় ছিলেন?