ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির প্রতি শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দিল্লির লোদি রোডে শ্মশানে আয়োজিত শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দিয়ে এ শ্রদ্ধা জানান তিনি।
এ সময় ছোট বোন শেখ রেহানা, মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন ও পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তার সঙ্গে ছিলেন।
এর আগে সকালে দিল্লি পৌঁছে রাষ্ট্রপতি ভবনে প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্ত্রী শুভ্রা মুখার্জির মৃত্যুতে গভীর সমবেদনা জানান তিনি।
শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দিতে ভোরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।
এ সময় পররাষ্ট্র সচিব শহীদুল হক ও ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
শেষকৃত্যে অংশগ্রহণ শেষে বিকালে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে শুভ্রা মুখার্জি মারা যান। শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুভ্রা মুখার্জির পৈতৃক বাড়ি বাংলাদেশের নড়াইলের ভদ্রবিলা গ্রামে।
১৯৪৭ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তিনি। ২০১৩ সালে প্রণব মুখার্জির বাংলাদেশ সফরকালে শুভ্রা মুখার্জি স্বামীসহ নড়াইলে তার পৈতৃক বাড়িতে গিয়েছিলেন।