বন্দুকযুদ্ধে ছাত্রলীগ নেতা নয়—সন্ত্রাসীরা নিহত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার সকালে রাজধানীর সোনারগাঁওয়ে আয়োজিত ন্যায় বিচার নিয়ে আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সন্ত্রাস দমনে বর্তমান সরকার কঠোর অবস্থানে থাকবে— উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, এটা কোনো ক্রসফায়ার নয় বরং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে এসব সন্ত্রাসী নিহত হয়েছে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে অপর এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, যে দলেরই হোক কেন অপরাধীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ অবনতি হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের আরো বলেন, শিগগিরই এ অবস্থার পরিবর্তন আসবে।
উল্লেখ্য, গত সোমবার ও মঙ্গলবার পৃথক ২টি ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে নিহত হন দুই ছাত্রলীগ নেতা।
হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া নিহত হন র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে আর পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে নিহত হন মাগুরায় মায়ের পেটে শিশু গুলিবিদ্ধের ঘটনার অন্যতম আসামি পৌর ছাত্রলীগ নেতা মেহেদী হাসান ওরফে আজিবর।
এ ঘটনা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমালোচনা ও প্রশাসনের এমন আচরণ নিয়ে নানা প্রশ্ন ওঠে।