প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সুরাইয়াকে তার মা নাজমা বেগমের কোলে তুলে দিয়ে বাড়ি ফেরার অনুমতি দেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, হাসপাতালের চিকিৎসক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মায়ের শুন্য কোল পূর্ণ করতেই যেন সব অশুভ শক্তিকে অতিক্রম করতে পেরেছে সুরাইয়া। ছোট্ট সুরাইয়ার হাসিই যেন বলে দেয় জীবন যুদ্ধের সে জয়ী এক সৈনিক।
তাইতো শরীরে গুলির ক্ষত নিয়ে জন্মের পর প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে ফিরে পেলো মায়ের আশ্রয় আর পরম মমতা। মাগুরায় মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া ও তার মা নাজমা বেগমকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দিয়ে হাসপাতাল ছাড়ার অনুমতি দিয়েছে চিকিৎসকরা।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছোট্ট শিশু সুরাইয়াকে তার মায়ের কোলে তুলে দেন তারা।
সবার আন্তরিকতায় আর প্রার্থনায় শিশু সুরাইয়াকে বাঁচানো সম্ভব হয়েছে বলে মনে করেন চিকিৎসকরা।
মা নাজমা বেগম তার সন্তানের জন্য মঙ্গল কামনা করেছেন সকলের কাছে। চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রমেই সন্তানের জীবন ফিরে পেয়েছেন বলেও জানান তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অগ্রজদের এ সেবা তরুণ চিকিৎসকদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। শিশু সুরাইয়াকে নিরাপত্তা দেয়া হবে।
উল্লেখ্য, গত ২৩ জুলাই মাগুরা শহরে যুবলীগের দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার সময় গুলিবিদ্ধ হন গর্ভবতী নাজমা বেগম। এতে মাতৃগর্ভেই গুলিবিদ্ধ হয় শিশু সুরাইয়া। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে গুলিবিদ্ধ শিশু সুরাইয়ার জন্ম হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।