বৃষ্টিতে রাজধানী জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, পাড়া-মহল্লার পাশাপাশি তলিয়ে গেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। পয়ঃনিষ্কাশনের পানি মিশে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। লঘুচাপের কারণে সারাদেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টি হয়েছে ৮৮ মিলিমিটার। সবচেয়ে বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে রংপুরে, ১৪৫ মিলিমিটার। আগামীকাল থেকে বৃষ্টি কমে আসবে বলেও জানিয়েছেন তারা।
রাজধানীর শান্তিনগর এলাকার চিত্র এটি। একদিনের বৃষ্টিতেই সড়কে পানি জমে যেন তৈরি হয়েছে জলাশয়!
একই চিত্র আরামবাগ, মতিঝিল, মিরপুর, বাড্ডাসহ ঢাকার বিভিন্ন এলাকারও। ভাঙ্গা-চোড়া রাস্তার কোথাও হাটু জল, কোথাও বা তারও বেশি।
তার ওপর অনেক রাস্তায় ম্যানহলের ঢাকনা খোলা থাকায় বাড়তি সতর্ক থাকতে হচ্ছে গাড়ি চালক ও পথচারীদের। দুর্ঘটনার ঝুকি নিয়েই ভোগান্তি পোহাতে হচ্ছে ছুটির দিনে বাইরে বের হওয়া নগরবাসীকে।
আবহাওয়া অফিস থেকে জানা গেছে, লঘুচাপের কারণেই এ বৃষ্টিপাত। তবে, শনিবার থেকে সারাদেশে বৃষ্টিপাত কমে আসবে।
এছাড়াও উত্তরবঙ্গসহ দেশের কৃষি উৎপাদনের জন্য এ বৃষ্টি সুফল বয়ে আনবে বলেও জানান আবহাওয়াবিদরা।