জিয়াউর রহমান ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সঙ্গে যেমন জড়িত তেমনি ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমান জড়িত—বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার বর্ষপূতি অনুষ্ঠান তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, মানুষ খুন করে রাজনৈতিক ফায়দা হাসিল করাই বিএনপির চরিত্র। ২১ আগস্ট গ্রেনেড হামলা তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের মদদেই ঘটানো হয়েছিল। এ নিয়ে এখনো মিথ্যাচার করেছে দলটি।
২০০১ পরবর্তী সন্ত্রাস আর ২০১৩ ও ২০১৫ সালের শুরুতে টানা ৩ মাসে আন্দোলনের নামে সন্ত্রাস—এ সব অপরাধের বিচার হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু খুনিদের ফিরিয়ে আনতে চেষ্টা চালাচ্ছে সরকার। তবে মানবাধিকারের কথা বলে বেড়ানো যুক্তরাষ্ট্র ও কানাডা সেই খুনিদের আশ্রয় দিচ্ছে।
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকার বদ্ধ পরিকর— উল্লেখ করে শেখ হাসিনা সাফ জানিয়ে দেন এক্ষেত্রে কোনো সন্ত্রাসীকে ছাড় দেয়া হবে না।
এর আগে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার ১১ বছর পূর্তিতে বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অস্থায়ী শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে দলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এ সময় শ্রদ্ধা জানান কেন্দ্রীয় ১৪ দলের নেতারা।