খুব শিগগিরই সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন বলে জানিয়েছেন আব্দুল লতিফ সিদ্দিকী। রোববার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষের শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
লতিফ সিদ্দিকী বলেন, এটি নিয়ে বিতর্কের কিছু নেই, শুনানিরও কিছু নেই।
এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবীরা।
এর আগে সকালেই শুনানি আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) এখতিয়ার না থাকার বিষয়ে লতিফ সিদ্দিকীর দায়ের করা রিট খারিজ করে হাইকোর্টের দেয়া রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এতে তার সংসদ সদস্য পদ নিয়ে নির্বাচন কমিশনের শুনানির বিষয়টি চূড়ান্ত হয়।
উল্লেখ্য, পবিত্র হজ্জ্ব নিয়ে বিরূপ মন্তব্য করার পর প্রথমেই মন্ত্রিসভা ও পরে দলীয় সদস্য পদ থেকে বাদ দেয়া হয় লতিফ সিদ্দিকীকে। সর্বশেষ তার সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নিতে দুই পক্ষকে নিয়ে শুনানির আয়োজন করে নির্বাচন কমিশন।