সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী মাসেই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। একইসঙ্গে বেতন কাঠামোয় টাইম স্কেলসহ কয়েকটি গ্রেডেও কিছু পরিবর্তন আনা হচ্ছে বলে জানান তিনি।
রোববার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সেপ্টেম্বরেই বিষয়টির সুরাহা হবে।
প্রায় ১৩ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য সবশেষ ২০০৯ সালে বেতন-ভাতা বাড়ানো হয়। ২০১১ সালে আরেক দফা বাড়ানোর কথা থাকলেও গত ৫ বছরেও তা চূড়ান্ত করতে পারেনি অর্থ মন্ত্রণালয়। চলতি বছরের জুলাইয়ে বিষয়টি চূড়ান্ত করে মন্ত্রিসভায় অনুমোদনের জন্য তোলার কথা থাকলেও প্রস্তাবিত বেতন-কাঠামোতে বিভিন্ন ক্যাটাগড়িতে বৈষম্য রাখা হয়েছে বলে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ ওঠে। এই পরিপ্রেক্ষিতে বিষয়টি আবার বিশ্লেষণ করার উদ্যোগ নেয় অর্থ মন্ত্রণালয়।
এর আগে, আর্ন্তজাতিক অর্থ তহবিল- আইএমএফ এর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নির্বাহী পরিচালক রাকেশ মোহন অর্থমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাত করেন।
এর আগে, ঢাকায় সফররত ব্রিটিশ সরকারের আর্ন্তজাতিক অর্থ ও উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।