আগামী ডিসেম্বরের মধ্যেই বিচারিক আদালতে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শিগগিরই শেষ হতে যাচ্ছে এ মামলার বিচার— উল্লেখ করে আনিসুল হক বলেন, বিএনপি-জামাত জোট সরকার গ্রেনেড হামলার গুরুত্বপূর্ণ আলামত নষ্ট করে ফেলার কারণেই বিচার বিলম্বিত হচ্ছে।
এদিকে, এ মামলার আজ (সোমবার) দুই জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও একজনের সাক্ষ্যগ্রহণ নিতে পেরেছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবারও সাক্ষ্যগ্রহণ চলবে।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসেও আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন ২১শে আগস্টের আগেই শেষ হবে মামলার বিচার।
যদিও এখন পর্যন্ত দুইটি মামলায় ৪৯১ জন সাক্ষীর মধ্যে মাত্র ১৭৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। মামলা দুটিতে সর্বমোট আসামির সংখ্যা ৫২ জন। যার মধ্যে বর্তমানে কারগারে রয়েছেন ২৫ জন, পলাতক ১৯ আসামি আর জামিনে রয়েছেন ৮ জন।
উল্লেখ্য, ২০০৪ সালের ২১শে আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালায় তৎকালীন সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া জঙ্গিরা। এ হামলায় নিহত হন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী। আহত হন তিন শতাধিক।
ওই হামলার ঘটনায় পরদিন ২২শে আগস্ট মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়। তবে দীর্ঘ ১১বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি মামলার বিচার।