তৈরি পোশাক শিল্পের উন্নয়নে বাংলাদেশকে সহায়তা দিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাট। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতকালে তিনি একথা বলেন।
এ সময় তিনি বলেন, জিএসপি সুবিধার ব্যাপারে বাংলাদেশ যেন শর্তাবলী পূরণ করতে পারে সেজন্য কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার।
এছাড়া, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সঙ্গে জড়িত কর্মীদের অবস্থা সম্পর্কে তাদের দেশের ক্রেতারা জানতে চায় বলেও জানান বার্নিকাট।
বঙ্গবন্ধু হত্যার দায়ে অভিযুক্ত রাশেদ চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন, এটি আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
এসময় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শেখ হাসিনা ও তার সরকারের অবস্থানের প্রশংসা করেন রাষ্ট্রদূত বার্নিকাট।