বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের দলিলে জাসদের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বঙ্গবন্ধু হত্যায় জাসদকে জড়ানো ইচ্ছাকৃত ষড়যন্ত্র ও মহাজোটে বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চলছে— উল্লেখ করে ইনু বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং বিএনপির এ ধরনের মন্তব্য বিএনপি-জামাতকে বাঁচানোর পরিকল্পনা করছে।
তিনি আরো বলেন, ১৯৭২ থেকে ৭৫-এর ১৫ আগস্টের আগে এবং পরে জাসদের ভূমিকা সব মহলে প্রচারিত ও প্রকাশিত।
ইনু বলে, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মামলা দীর্ঘদিন চলেছে এবং দীর্ঘ তদন্ত হয়েছে। অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং আনেক সাক্ষীর দীর্ঘ জেরা হয়েছে। এ মামলায় আদালতের বিচারকরা রায় দিয়েছেন এবং পর্যবেক্ষণ দিয়েছেন। কোনো জায়গায় জাসদ নিয়ে একটি কথাও লেখা নেই। হঠাৎ করে জাসদের বিরুদ্ধে আক্রমনটা আজকে রাজনীতির ময়দানে কোণঠাসা হয়ে পরেছে।’
খন্দকার মোশতাকের সঙ্গে জাসদের কোনো সম্পর্ক ছিল না—উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতীয় ৪ নেতা ও কয়েকজন নেতা ছাড়া আওয়ামী লীগের অধিকাংশ নেতাই মোশতাক সরকারের অনুগত ছিল।