কোনো সরকারি শিল্প কারখানাকে আর বেসরকারিকরণ করা হবে না— জানিয়ে বন্ধ থাকা কারখানাগুলোর অব্যবহৃত জমি যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ন্যাশনাল কাউন্সিল অব ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট-এর আয়োজিত বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম এ বিষয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
শিল্প-কারখানা যেন পরিবেশ-প্রকৃতির বড় ধরণের কোনো ক্ষতি করতে না পারে তা বিবেচনায় রাখতে ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে নিজ কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় শিল্প উন্নয়ন পরিষদের আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় শিল্পমন্ত্রী, অর্থমন্ত্রী, কৃষিমন্ত্রী, বন ও পরিবেশমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির প্রধানরা উপস্থিত ছিলেন।
এছাড়াও ব্যবসায়ীদের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারাও এতে উপস্থিত ছিলেন।
এ সময় সভায় বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।