রাজধানী ঢাকার জলজটসহ বিভিন্ন সমস্যা নিরসনে একটি সমন্বিত টাস্কফোর্স গঠনের কোনো বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। এ টাস্কফোর্সের সমন্বয়ের দায়িত্ব দুই মেয়রকেই পালন করতে হবে বলেও মনে করেন তারা।
শনিবার রাজধানীর দক্ষিণ নগর ভবনে জলজট নিরসনে করণীয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তারা।
এ সময় নগরীর সমস্যা সমাধানে নগর সরকারের প্রয়োজনীয়তা তুলে ধরে ঢাকার দুই মেয়রই বলেন, টাস্কফোর্স গঠনের আগে প্রয়োজন আইনের আর এর জন্য শিগগিরই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
সামান্য বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে জলবদ্ধতা। এজন্য ড্রেনেজ সিস্টেমকেই দায়ী করে থাকেন বিশেষজ্ঞরা।
আর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এর দায়িত্বে থাকা সংস্থাগুলো একে অপরকে দোষারোপ করেই দায় সারছেন। এদিকে রাজধানীর বিভিন্ন খাল হয় বেদখল, না হয় আবর্জনায় মৃতপ্রায়।
এমন প্রেক্ষাপটে রাজধানীর জলজট নিরসনে করণীয় নির্ধারনে ড্রেনেজ ব্যবস্থার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সংস্থার কর্তাব্যক্তি ও নগরবিশেষজ্ঞদের উপস্থিতিতে সেমিনারের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এ সময় নগর সরকার গঠনের ওপর জোর দেন দুই সিটি মেয়র। তবে তাদের মতে টাস্কফোর্স গঠনের আগে প্রয়োজন তার আইনগত ভিত্তি।
আর রাজধানীর পুরো ড্রেনেজ ব্যবস্থাকে সিটি করপোরেশনকে অধিনে নিয়ে আসা প্রয়োজন বলে জানান হয় ঢাকা ওয়াসা'র পক্ষ থেকে।