সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ার পানি সমস্যা দূর করার প্রস্তাব দিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী ড. এমাজ উদ্দীন আহমেদ। শনিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে পানি বিষয়ক ‘আন্তর্জাতিক পানি নীতি ও বাংলাদেশের নদ-নদী’ শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন গোলটেবিল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ড. এমাজ উদ্দীন বলেন, পানির ন্যায্য দাবি যথাযথভাবে তুলে ধরতে নির্মোহ একটি বিশেষজ্ঞ দল তৈরি করতে হবে। দ্বিপাক্ষিক চুক্তি করে ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা আদায় করা যাবে না।
সার্কের মাধ্যমে পানি সমস্যা সমাধানের প্রস্তাব দেন এবং পানির ন্যায্য দাবি নির্মোহভাবে তুলে ধরতে তরুণ একটি বিশেষজ্ঞ দল তৈরির কথাও বলেন তিনি।
আলোচনা সভায় টিপাইমুখী বাঁধ নির্মাণ হলে সব নদী মরে যাবে বলে মন্তব্য করেন বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
নজরুল ইলাম খান বলেন, ন্যায্য দাবি উত্থাপন মানেই ভারত বিরোধীতা নয়। আত্মপক্ষ সমর্থনের জন্যই আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির নায্য হিস্যার দাবি তুলে ধরতে হবে।
বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মোহাম্মদ মাহবুব মোর্শেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন।