গ্যাস-বিদ্যুতের দাম কমাতে সরকারকে আগামী ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ।
সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে সিপিবি-বাসদ নেতারা এ কথা বলেন।
আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে তাদের দাবি মেনে নেয়া না হলে বৃহত্তর আন্দোলন দেয়া হবে জানান বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান।
সরকার অধিকহারে লুটপাত করতেই অযৌক্তিকভাবে গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছে বলেও অভিযোগ করেনসিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
এসময়, আবারো গণশুনানীর মাধ্যমে দাম পুনঃনির্ধারণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
এর আগে সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করতে গেলে বাধা দেয় পুলিশ।
সমাবেশে নেতা-কর্মীর সঙ্গে বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন প্রিন্স এবং বাসদের কেন্দ্রীয় সদস্য বজলুর রশীদ ফিরোজ উপস্থিত ছিলেন।