গ্যাসের দাম বাড়লেও পরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত এখনো হয়নি— জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হলেও গণপরিবহনের ভাড়া সমন্বয় সংক্রান্ত কমিটির সুপারিশের আগে বাসে বাড়তি ভাড়া আদায় করা যাবে না বলেও এ সময় হুঁশিয়ারি দেন তিনি।
মন্ত্রী বলেন, ‘এখনও সিএনজিচালিত পরিবহনের ভাড়া বৃদ্ধির কোনো সিদ্ধান্ত হয়নি—তাই আগের নির্ধারিত ভাড়া নিতে হবে, কেউ যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
বিআরটিএ চেয়ারম্যানের নেতৃত্বে দুটি কমিটি গঠন করা হয়েছে—এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, ৫ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে ভাড়া পুনঃনির্ধাণ সম্পর্কে সুপারিশ করবে কমিটি আর সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে এর আগ পর্যন্ত পূর্বের ভাড়াই কার্যকর থাকবে।
তিনি বলেন, সিএনজিচালিত যানবাহনের ভাড়া বৃদ্ধির অনুরোধ জানিয়ে পরিবহন মালিক সমিতি সড়ক পরিবহন সচিবকে চিঠি দিয়েছে, তবে ভাড়া বৃদ্ধির কোনো হার নির্ধারণ করা হয়নি।
আজ থেকে গ্যাসের দাম বাড়ানোর ফলে গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত সিএনজির দাম প্রতি ঘনমিটারে ৫ টাকা বেড়ে ৩৫ টাকা হয়েছে, যা কার্যকর হয়েছে বলে জানান তিনি।
গ্যাস-বিদ্যুতের দাম বাড়ার পর খুবই প্রেশারে আছি— এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, পরিবহনের ভাড়া নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
পরিবহন খাতের উন্নয়নে ‘কাজ হচ্ছে’ –এ মন্তব্য করে মন্ত্রী আরো বলেন, বাংলাদেশে অনেক কিছুই শৃঙ্খলার মধ্যে নেই পরিবহনে এখনো শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়নি, কিছু কাজ তো হচ্ছে আরও কাজ হবে।
গত বৃহস্পতিবার গ্যাস ও বিদ্যুতের দাম ২৬.২৯ শতাংশ ও ২.৯৩ শতাংশ বাড়ানো ঘোষণা দেয় বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন-বিইআরসি। আবাসিকে এক চুলার নতুন দাম ৬০০ টাকা, আর দুই চুলায় সাড়ে ৬০০ টাকা করা হয়েছে। সিএনজিতে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৫ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে। এ মাস থেকেই বর্ধিত এ বিল পরিশোধ করতে হবে।