বিশ্ব স্পিকারদের সম্মেলন রাজনৈতিক নেতৃত্বে নতুন যুগের সূচনা করবে। জাতিসংঘে সারাবিশ্বের স্পিকারদের ৪র্থ বিশ্ব সম্মেলনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। চলতি বছরকে আইপিইউর জন্য গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি।
টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনে সংসদ ও সংসদ সদস্রদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন আইপিইউ প্রেসিডেন্ট।
বিশ্বের ১৪০টি দেশের পার্লামেন্টের স্পিকার ও ডেপুটি স্পিকারদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে শুরু হয়েছে সারা বিশ্বের স্পিকারদের চতুর্থ বিশ্ব সম্মেলন। সোমবার শুরু হওয়া এ সম্মেলনের সভাপতিত্ব করেন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। জাতিসংঘ মহাসচিব বান কি-মুনও সম্মলনে বক্তব্য রাখেন।
চলতি বছরকে আইপিইউর জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে সভাপতির বক্তব্যে আইপিইউ প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, জাতিসংঘের তিনটি সম্মেলন ও চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেন, সুশাসনের বিষয়টি এ বছর টেকসই উন্নয়নের আনুষ্ঠানিক লক্ষ্যমাত্রা হিসেবে অন্তর্ভূক্ত হওয়ায় এ সম্ভাবনা অনেক বেড়েছে এবং সংসদ ও সংসদ সদস্যদের দায়িত্বও বেড়ে গেছে। আগামী সপ্তাহে একটি সম্মেলনে, বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের স্পিকাররা যখন মিলিত হবেন-রাজনৈতিক নেতৃত্বের একটি নতুন যুগ সূচনার সুবর্ণ সুযোগ রয়েছে তাদের সামনে।
পার্লামেন্ট সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়িয়ে সুশাসন প্রতিষ্ঠায় এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে আইপিইউ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন সাবের হোসেন চৌধুরী।